রাজধানীর উত্তরখানে স্ত্রীর সঙ্গে অভিমান করে মিকাইল শেখ (৩৪) নামে এক গার্মেন্টসকর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে উত্তরখান থানা-পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
খুলনা সোনাডাঙ্গা উপজেলার সুবহান শেখের ছেলে মিকাইল। স্ত্রী সোনিয়া খাতুনকে নিয়ে উত্তরখান ভারারদি ১৯৩/৮ নম্বর একটি এক তলা বাড়িতে ভাড়া থাকতেন।
বাড়িটির মালিক মান্নান শাহ জানান, গত দুই মাস ধরে তারা স্বামী-স্ত্রী তার বাড়িতে ভাড়ায় ওঠেন। তাদের ছেলে ও এক মেয়ে গ্রামের বাড়িতে থাকেন। স্থানীয় নিপা গার্মেন্টসে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করেন। পারিবারিক সমস্যার কারণে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন সময় ঝগড়াঝাঁটি হতো। গতকাল রাত ১২টার দিকে বাসায় সবার অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন মিকাইল। পরে দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ উল্লেখ করেন, স্ত্রী সোনিয়া খাতুন গার্মেন্টসে চাকরি করতেন এটি মিকাইলের পছন্দ হতো না। অফিসে সহকর্মীদের সঙ্গে সোনিয়া কথা বলতেন এ জন্য মিকাইল তাকে সন্দেহ করতেন এবং তাকে চাকরি ছাড়ার জন্য বারবার বলতেন। তবে সোনিয়া চাকরি ছাড়বেন না বলে জানান।
এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল এবং সোনিয়ার পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন মিকাইল। এসব বিষয় নিয়ে কলহের কারণে সর্বশেষ গতরাতে বাসায় সবার অগোচরে গলায় ফাঁস দেন তিনি। পরে খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তবে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
