প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করা একটি পোস্ট ফেইসবুকে শেয়ার করায় শাহীন বাবু (৪২) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
রবিবার রাত সাড়ে ১১টায় চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শাহীনুর রহমান শাহীন উপজেলার ৮নং সাইতাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বাংলাবাজার এলাকার আতিকুর রহমানের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, গত ৭ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Tarek Ahmad নামে একটি আইডি থেকে প্রধানমন্ত্রীর একটি বিকৃত ছবি পোস্ট করা হয়। ১১ অক্টোবর রবিবার শাহিনুর রহমান ওই ছবিটি তার ফেইসবুক আইডিতে শেয়ার করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহীন বাবু থানা হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
