চার বছর ধরে মানসিক অবসাদে ভুগছেন আমির খানের মেয়ে

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১২:৪৬ পিএম

আমির খানের মেয়ে ইরা কয়েক দিন আগে নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে স্বীকারোক্তি দিলেন। প্রায় চার বছর ধরে তিনি ক্লিনিক্যাল ডিপ্রেশন অর্থাৎ মানসিক অবসাদের শিকার।

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে নিজের পরিস্থিতির কথা জানান ইরা। মানসিক স্বাস্থ্যের অবনতিকে কীভাবে তিনি সামলেছেন সে কথাও শেয়ার করেন।

ইরা বলেন, “আমি অবসাদগ্রস্ত। চার বছরেরও বেশি সময় ধরে আমি মানসিক অবসাদে ভুগছি। এখন একটু ভালো আছি। এক বছরেরও বেশি সময় ধরে আমি মানসিক স্বাস্থ্যের জন্য কিছু একটা করতে চাই। কিন্তু কী করব ভেবে পাচ্ছিলাম না। তারপর মনে হলো আপনাদের একটা যাত্রাপথের গল্প শোনাই। আমার যাত্রাপথের কাহিনি। দেখি কী হয়।”

এরপর বলেন, “আশা করি আমরা নিজেদের আরও ভালো করে বুঝতে পারব। মানসিক অবসাদকে ভালোভাবে বুঝতে সক্ষম হব।”

ইরা লেখেন, “কেন আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ব? কী কারণে এই অবসাদ? আমার তো সবই আছে, তাই না!”

আরও অনেকের মতো ইরাও মনে করেন, শরীরকে ভালো রাখতে আমরা যতটা গুরুত্ব দিই, মনের স্বাস্থ্য ঠিক রাখতে ততটা গুরুত্ব দিই না। মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়লে ঘরে বসে না থেকে খোলাখুলিভাবে যে তা নিয়ে আলোচনা করা যেতে পারে বা প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সেটাও অনেকে মনে করেন না। সেই ধ্যানধারণা বদলাতেই ইনস্টাগ্রামে ইরার এই ভিডিও।

কয়েক দিন আগেই ট্যাটু করার জন্য সমালোচিত হন ইরা খান। নতুন নতুন কাজে নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করেন তিনি। সম্প্রতি ট্যাটু করতে শিখেছেন। ইনস্টাগ্রামে সেই ট্যাটুর ছবিও শেয়ার করেছেন ইরা। ক্যাপশনে তিনি লেখেন, “বাকেট লিস্ট আইটেম ৫, আমি আমার প্রথম ট্যাটু করেছি। ... আমি ভাবছি এটা আমার আরেকটা পেশা হতে পারে।”

নিজের প্রশিক্ষকের হাতেই একটি ট্যাটু এঁকেছেন ইরা। অনেকেই ইরার ওই ছবিতে মন্তব্য করেছেন, ‘এটা হারাম’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত