ইউএনওকে লাঞ্ছনার অভিযোগ পৌর মেয়রের বিরুদ্ধে

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০৭:০৫ পিএম

পাবনার বেড়ায় উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পৌর মেয়র আব্দুল বাতেনের বিরুদ্ধে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনার বিস্তারিত উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকসহ কর্মকর্তাদের লিখিত অভিযোগ দিয়েছেন।

পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ এবং সভায় উপস্থিত একাধিক জনপ্রতিনিধি বিষয়টির সতত্যা নিশ্চিত করেছেন।

কবীর মাহমুদ জানান, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন উপজেলার কাজিরহাট ও নগরবাড়ি ঘাট ইজারা সংক্রান্ত একটি লিখিত রেজুলেশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীকে অনুমোদনের জন্যে চাপ প্রয়োগ করেন। বিষয়টি নীতিমালা বহির্র্ভূত হওয়ায় ইউএনও তা অনুমোদনে অস্বীকৃতি জানালে মেয়র বাতেন তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে জেনেছি। আমরা এ ব্যাপারে সরকারের উর্দ্ধতন মহলে অবহিত করেছি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। 

এদিকে উন্নয়ন সমন্বয় সভায় উপস্থিত একাধিক জনপ্রতিনিধি জানান, উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা কাজিরহাট ও নগরবাড়ি ঘাট অনিয়মতান্ত্রিকভাবে উপজেলা পরিষদের নিয়ন্ত্রণে দেওয়ার একটি লিখিত সিদ্ধান্তের রেজুলেশন অনুমোদন দিতে বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চাপ দেন। বিষয়টি মেয়রের এখতিয়ার বহির্ভূত এবং বিধিসম্মত নয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তা অনুমোদনে অস্বীকৃতি জানান। এ সময় বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন চরম উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে চেয়ার থেকে উঠে ধাক্কা দিয়ে উএনওকে মারতে উদ্যত হলে সভায় উপস্থিত অন্যান্যরা তাকে থামানোর চেষ্টা করেন। পরে সভাটি পন্ড হয়ে যায় এবং ওই সভায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে পড়েন। এ ঘটনায় জেলা প্রশাসন ও সব কর্মকর্তার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ ব্যাপারে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটনার বিস্তারিত আমার উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এরচেয়ে বেশি কিছু আর বলতে পারছি না।

এ বিষয়টি নিয়ে কথা বলতে বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনের ফোনে একাধিক বার চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সভায় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজবাহ উদ্দিন, পুরান ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান রফিকুল্লাহ, জাতসাকিনী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু, রুপপুর ইউপি চেয়ারম্যান উজ্জল হোসেন, আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেমসহ উপজেলা সব সরকারি দপ্তর প্রধান।

বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অসংখ্য অভিযোগ রয়েছে। জেলা আওয়ামী লীগ তাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ সব পদ থেকে অব্যাহতি দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত