সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে ওই মাদ্রাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।
সোমবার সাভার মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, আটক মাদ্রাসা অধ্যক্ষর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার রাতে সাভারের বিরুলিয়া রোড এলাকার মাদ্রাসা তুল হিকমাহ এর অধ্যক্ষ মাসুম বিল্লাহকে আটক করে পুলিশ। মাসুম বিল্লাহ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পূর্ণিমাগাতি গ্রামের আবু সামাদের ছেলে।
পুলিশ জানায়, বিরুলিয়া রোড এলাকায় মণ্ডল প্লাজায় পঞ্চাশ জন ছাত্রছাত্রী নিয়ে আবাসিক মাদ্রাসা তুল হিকমাহ শুরু করেন অধ্যক্ষ মাসুম বিল্লাহ। গত চার অক্টোবর সকালে ওই মাদ্রাসার হেফজ বিভাগের বারো বছরের এক শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের ছাদে নিয়ে বলাৎকারের চেষ্টা করেন অধ্যক্ষ।
এসময় ওই শিক্ষার্থী দৌড়ে পালিয়ে গিয়ে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানান। পরে ঘটনাটি ভবন মালিককে জানালে তিনি কোন বিচার না করে উল্টো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু রাতে বলাৎকারের চেষ্টার বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসার অধ্যক্ষকে আটক করে। বর্তমানে গ্রেপ্তারকৃত অধ্যক্ষ সাভার মডেল থানা-পুলিশ হেফাজতে রয়েছে।
