খিলক্ষেতে যুবকের মৃতদেহ উদ্ধার, বাবার দাবি হত্যা

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১১:৫৪ এএম

রাজধানীর খিলক্ষেত মাস্তুল এলাকার একটি বালুর গদি থেকে মো. জনি মিয়া (২৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুলাল এন্টারপ্রাইজ নামের ওই বালুর গদির ম্যানেজার হিসেবে চাকরি করতেন।

পূর্ব শত্রুতার জের ধরে বালু ব্যবসায়ীরা জনিকে হত্যা করেছে বলে দাবি বাবা জাইদুল মিয়ার।

সোমবার দিবাগত রাত পৌনে চারটার দিকে খিলক্ষেত থানা-পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এক ভাই ও তিন বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি। জনি এক মাস আগেই বিয়ে করেছেন।

মৃত জনির বাবা জাইদুল মিয়া বলেন, মাত্র ১৫ দিন আগেই তিনি ওই বালুর গদিতে ম্যানেজার হিসেবে চাকরি নেন।

সোমবার সন্ধ্যায় তিনি বাসা থেকে কাজে যান। এরপর রাত তিনটার দিকে একজন আমাদের বাসায় এসে জানান জনি অ্যাক্সিডেন্ট করেছে। পরে সেখানে গিয়ে জনিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই।

বাবার অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে বালু ব্যবসায়ী দুলাল, রাকিব, আব্বাস, আরিফ তাকে হত্যা করে তার উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিয়েছে। তিনি এ ঘটনায় মামলা করবেন বলে জানান।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম জানান, রাতে খবর পেয়ে বালুর গদি থেকে জনির মৃতদেহ উদ্ধার করা হয়। রাতে বিকু দিয়ে ট্রাকে বালু তোলার সময় তার ডান চোখ ও কপালে গভীর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত