রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে কাপুর পরিবার! সম্প্রতি এমনই গুঞ্জন শোনা যায় বিভিন্ন মহলে। এমনকি, নীতু কাপুরের নাচের ভি়ডিও প্রকাশ্যে আসতেই সেই গুঞ্জনে যেন ঘৃতাহুতি পড়ে যায়। রণবীর-আলিয়ার বিয়ের গুঞ্জন নিয়ে এবার প্রকাশ্যে এল প্রকৃত খবর।
কাপুর পরিবারের এক ঘনিষ্ঠর পক্ষ থেকে জানা যায়, চলতি বছরে বিয়ের কোনো পরিকল্পনা নেই রণবীর-আলিয়ার। আগামী বছরেও কাপুর পরিবারে কোনো বিয়ের পরিকল্পনা নেই। চলতি বছর এপ্রিল মাসে চলে যান ঋষি কাপুর। ফলে এই মুহূর্তে রণবীর কাপুর কিংবা আলিয়া ভাট, কারওই বিয়ের কোনো পরিকল্পনা নেই বলে খবর। তবে রণবীর এবং আলিয়া যদি নিজেরা বিয়ের সিদ্ধান্ত নেন, সে ক্ষেত্রে নীতু কাপুরের কোনো আপত্তি নেই বলেও জানা গিয়েছে।
নীতু কাপুর নাচের অনুশীলন করতে বেশ পছন্দ করেন। সেই পছন্দ থেকেই সম্প্রতি তার নাচের ভিডিও প্রকাশ্যে আসে। ওই ভিডিওর সঙ্গে রণবীর কাপুর, আলিয়া ভাটের বিয়ের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানানো হয়েছে কাপুর পরিবারের ওই ঘনিষ্ঠর তরফে।
বর্তমানে নিজেদের ক্যারিয়ার নিয়ে বেজায় ব্যস্ত রণবীর কাপুর এবং আলিয়া ভাট। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সিনেমা ব্রহ্মাস্ত্র-র একেবারে শেষ পর্যায়ের কাজ করছেন তারা। এর পাশাপাশি পরিচালক সঞ্জয় লীলা বনশালির গাঙ্গুবাই কাঠিওয়াড়ির শুটিংও করছেন আলিয়া। অন্যদিকে রণবীর সবে সবে শেষ করেছেন শামসেরার শুটিং। সবকিছু মিলিয়ে লকডাউন ওঠার পর বর্তমানে শুটিং নিয়ে বেজায় ব্যস্ত রণবীর কাপুর এবং আলিয়া ভাট।
