বরগুনার বিষখালী ও বলেশ্বর নদীর মোহনার লালদিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে ২১টি অস্ত্র ও ১০টি ছুরি উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ড। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার রাত ৩টার দিকে পাথরঘাটা উপজেলার লালদিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়। সকালে আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে সংবাদকর্মীদের এ তথ্য জানানো হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র অস্ত্র, গোলাবারুদ ও রসদ সংগ্রহ করে ডাকাতির পরিকল্পনা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের সংঘবদ্ধ হওয়ার উপস্থিতি টের পাই। এ সময় অভিযান এর টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। তবে ডাকাতির কাজে ব্যবহারের জন্য যে ট্রলারে সংঘবদ্ধ হয়ে অস্ত্র, গোলাবারুদ সংগ্রহ করেছিল সেই ট্রলারসহ ২১টি আগ্নেয়াস্ত্র ও ১০টি ছুরি উদ্ধার করা সম্ভব হয়েছে।
