রাজধানীর ৪৫ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত নিয়ে আইইডিসিআর’র ব্যাখ্যা

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০২:৩৭ এএম

রাজধানীতে কভিড-১৯ সংক্রমণ নিয়ে এক দিন আগে প্রকাশিত তাদের গবেষণার অন্তর্বর্তীকালীন ফলাফল ঢাকায় এই রোগের বিস্তারের পুরো চিত্র বহন করে না বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। গতকাল মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই গবেষণা নিয়ে ‘বিভ্রান্তি’ না ছড়াতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আইইডিসিআর এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) যৌথভাবে ওই গবেষণা চালিয়েছিল, যার ফল গত সোমবার এক অনুষ্ঠানে প্রকাশ করা হয়। তাতে বলা হয়, ঢাকার শতকরা ৪৫ ভাগ মানুষের শরীরে করোনাভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে এবং বস্তি অঞ্চলে এই হার প্রায় ৭৪ শতাংশ। যা বিশ্লেষণ করলে ঢাকার প্রায় অর্ধেক মানুষের মধ্যে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে বলে ধরে নেওয়া যায় এবং দেশের অধিকাংশ গণমাধ্যম সেভাবেই তা নিয়ে প্রতিবেদন প্রকাশ ও প্রচার করে।

কিন্তু গতকাল আইইডিসিআরের পরিচালক ডা. তাহমিনা শিরীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গবেষণাটি ঢাকা মহানগরীর প্রতিনিধিত্বমূলক চিত্র তুলে ধরেছে বলে আইইডিসিআরের পক্ষে দাবি করা হয়নি। কিন্তু কোনো কোনো গণমাধ্যমে গবেষণাটিতে সমগ্র ঢাকা মহানগরীর চিত্র তুলে ধরেছে বলায় এর বৈজ্ঞানিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে এবং বিভ্রান্তির সৃষ্টি করেছে। এত অল্প নমুনার ওপর গবেষণা চালিয়ে একে ঢাকার সার্বিক চিত্র বলে সিদ্ধান্তে আসা উচিত হবে না।’

১২,৬৯৯টি নমুনা পরীক্ষা করে তার মধ্যে ৪৫ শতাংশ মানুষের শরীরে করোনাভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে আইইডিসিআর-আইসিডিডিআর,বির যৌথ গবেষণায়।

ডা. তাহমিনা বলেন, ‘ঢাকা মহানগরীর প্রকৃত চিত্র তুলে ধরতে হলে ভবিষ্যতে প্রতিনিধিত্বমূলক সংখ্যক নমুনা সংগ্রহ করে আরও বড় পরিসরে গবেষণা করতে হবে।’

দেশে গতকাল পর্যন্ত শনাক্ত কভিড-১৯ রোগীর সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ২৭৫ জন। তবে আক্রান্তদের বড় অংশই পরীক্ষার বাইরে থেকে গেছে বলে বিশেষজ্ঞদের ধারণা। করোনাভাইরাস সংক্রমণ ঘটলেও যাদের লক্ষণ-উপসর্গ নেই, অ্যান্টিবডি পরীক্ষায় তাদের শনাক্ত করা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত