রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাসহ ৪২ সদস্যের রদবদল

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০২:৩৮ এএম

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চারজন সহকারী পুলিশ কমিশনার ও গোয়েন্দা বিভাগের ৩৮ জনকে বিভিন্ন ইউনিটে রদবদল করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ কমিশনার আবু কালাম এক অফিস আদেশে এ রদবদল করেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিবি পুলিশের এসি হাবিবুর রহমান ছাড়াও বদলি করা হয়েছে পাঁচজন উপপরিদর্শক (এসআই), ছয়জন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ২৬ জন কনস্টেবল। এই ৩৮ জন ছাড়াও আরএমপির ক্রাইম ইউনিটের এসি সোনিয়া পারভীন, লজিস্টিকস বিভাগের এসি উদয় কুমার সাহা এবং রাজপাড়া জোনের এসি রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশে যোগদানের পর প্রত্যেকটি বিভাগকে আমূল পরিবর্তন করে আরএমপিকে গতিশীল এবং একটি যুগোপযোগী কার্যকর ইউনিট হিসেবে গড়ে তুলতে এ রদবদল করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত