ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১০:০১ এএম

ঠাকুরগাঁও শহরে ফ্রেন্ডস অ্যাপোলো ক্লিনিকে কর্তৃপক্ষের অবহেলায় মাহবুবা আক্তার (২২) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ওই প্রসূতি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের শাসর গ্রামের সাদেকুল ইসলামের স্ত্রী।

মৃতের স্বামী সাদেকুল ইসলামের অভিযোগ, অস্ত্রোপচারের পর তার স্ত্রীর দিকে ক্লিনিক কর্তৃপক্ষ যথাযথ নজর দেয়নি। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ফ্রেন্ডস অ্যাপোলো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক আবিদা সুলতানা তার স্ত্রী মাহবুবার অস্ত্রোপচার করেন। ছেলে সন্তান জন্ম দেন। এর কিছুক্ষণ পর মাহবুবার রক্তক্ষরণ শুরু হয়।

ক্লিনিকে কর্মরত নার্সদের একাধিকবার বিষয়টি বললেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। ক্লিনিকের নার্স ও কর্তৃপক্ষ সেবা না দিয়ে উল্টো তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

সাদেকুল ইসলাম বলেন, প্রায় দুই ঘণ্টা পর একজন নার্স এসে আমাকে এক ব্যাগ রক্ত আনতে বলেন। তাৎক্ষণিক রক্ত জোগাড় করে ক্লিনিক কর্তৃপক্ষের কাছে দেওয়া হলে তারা সেই রক্ত আমার স্ত্রীকে দেন। তারপরও কোনোভাবে রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না।

‘অতিরিক্ত রক্তক্ষরণে মঙ্গলবার বিকেলে আমার স্ত্রীর শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। এ সময় কর্তৃপক্ষ রোগীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। তাৎক্ষণিকভাবে একটি অ্যাম্বুলেন্সে করে মাহবুবাকে দিনাজপুরে নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।’

ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতা ও অবহেলার অভিযোগ তুলে সাদেকুল এর বিচার দাবি করেছেন।

এ ঘটনায় তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান সাদেকুল।

এ বিষয়ে চিকিৎসক আবিদা সুলতানা বলেন, অপারেশন ভালো হয়েছে, এরপর বাচ্চা ও মা সুস্থ ছিলেন। কিন্তু ক্লিনিকে অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

ওই হাসপাতালের মালিক বাবলুর রহমান বাবলু বলেন, বিষয়টি আমি জেনেছি। এই মুহূর্তে আমি ঢাকা অবস্থান করায় কিছু বলতে পারছি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত