জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভোটে ধরাশায়ী সৌদি

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১১:১০ এএম

জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচনের ভোটে রীতিমতো ধরাশায়ী হয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব।

রাশিয়া ও চীন নিজেদের সদস্যপদ নিশ্চিত করতে পারলেও লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয় সৌদিকে।

মিডলইস্ট আই জানায়, মঙ্গলবার ৪৭ সদস্যের এই পরিষদের ১৫টি শূন্যপদে নির্বাচনের আয়োজন করে জাতিসংঘ সাধারণ পরিষদ।

‘পেছনের দরজার সমঝোতায়’ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচত হয় রাশিয়া। এশিয়া গ্রুপ থেকে আরও নির্বাচিত হয় দুই মিত্র চীন ও পাকিস্তান।

চীন এবার ১৩৯টি ভোট পায়, যদিও ২০১৬ সালে দেশটি ১৮০ ভোট পেয়েছিল। পাকিস্তান পায় ১৬৯টি ভোট। অন্যদিকে মাত্র ৯০ ভোট পাওয়া সৌদি আরব হেরে যায় নেপালের কাছে (১৫০ ভোট)।

প্রসঙ্গত, অ্যাক্টিভিস্টদের ওপর দমনপীড়ন, কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে নৃশংস কায়দায় হত্যা এবং ইয়েমেনে দীর্ঘ মেয়াদি যুদ্ধে মানবিক বিপর্যয়ের জন্য সমালোচিত সৌদি আরব।

এদিকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে রাশিয়া ও চীন নির্বাচিত হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অধিকার কর্মীরা।

হিউম্যান রাইটস ওয়াচে (এইচআরডব্লি) জাতিসংঘ পরিচালক লুই চার্বনো বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনকারীদের মানবাধিকার পরিষদের সদস্যপদ দিয়ে পুরস্কৃত করা উচিত নয়। যখন সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনকারীরা নির্বাচিত হয়, তা মানবাধিকার এবং মানবাধিকার পরিষদের জন্য ভালো দিক নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত