নতুন প্রধানমন্ত্রীকে প্রত্যাখ্যান কিরগিজস্তানের প্রেসিডেন্টের

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০৬:৫৮ পিএম

কিরগিজস্তানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সাদির জাপারভকে প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট সুরোনবাই জিনবেকভের।

মঙ্গলবার জিনবেকোভ জানান, তিনি প্রধানমন্ত্রী হিসেবে জাপারভকে অনুমোদন দেবেন না।

নির্বাচনে কারচুপি ও এর বিরুদ্ধে বিক্ষোভকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক সংকটে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কুবাতবেক বরোনোভ।

আন্দোলন চলাকালে বিক্ষোভকারীরা সাদির জাপারভকে কারাগার থেকে মুক্ত করে আনে। পরবর্তীতে পার্লামেন্টে ভোট দিয়ে তাকেই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন এমপিরা।

তবে পার্লামেন্ট সদস্যদের সেই ভোট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রুশপন্থী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট জিনবেকোভ। প্রধানমন্ত্রী নিয়োগের জন্য আবারো ভোট নিতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

একটি বিবৃতিতে জিনবেকোভ বলেন, ‘দেশে স্থিতিশীলতা বজায় রাখতে এবং জোরদার করার জন্য, আমাদের সকল সিদ্ধান্ত অবশ্যই বৈধ হওয়া উচিত এবং প্রশ্নবিদ্ধ হওয়া উচিত নয়।’

এ মাসের শুরুতে নির্বাচনে চুরি ও ভোট বেচাকেনার অভিযোগে বিক্ষোভ শুরু করে কিরগিজস্তানের জনগণ। তারা পার্লামেন্ট ভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।

কারাগারে ১১ বছরের সাজায় থাকা জাপারোভ ও সাবেক প্রেসিডেন্ট আলমাসবেক আতামবায়েভকে মুক্ত করে আনেন তারা। বিক্ষোভের মুখে কিরগিজস্তানের পার্লামেন্ট নির্বাচনের ফল বাতিল করা হয়।

এ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক হাজার ২০০ জনের বেশি মানুষ আহত হন এবং নিহত হন একজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত