বিয়ের প্রলোভনে গাজীপুর থেকে বরিশাল এনে কিশোরীকে ধর্ষণ

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০৮:২০ পিএম

মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে গাজীপুর থেকে বরিশাল এনে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ফয়সাল খান নামে এক যুবক বরিশাল সদর উপজেলার শায়স্তাবাদ ইউনিয়নে নিয়ে ধর্ষণ করে ওই কিশোরীকে। এ ঘটনায় মামলা দায়ের হলে আদালত ওই কিশোরীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করেছে।

গত মঙ্গলবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ ২২ ধারায় ধর্ষণের কিশোরীর (১৫) জবানবন্দি রেকর্ড করেন।

কিশোরী জানায়, দুই মাস আগে তার সঙ্গে মুঠোফোনে শায়েস্তাবাদ ইউনিয়নের রাম কাঠি এলাকার মোতালেব খানের ছেলে ফয়সাল খানের প্রেমের সম্পর্ক হয়। এর ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বরিশাল আসতে বলে ফয়সাল। ১১ অক্টোবর সে বরিশাল পৌঁছালে ওই রাতে শায়েস্তাবাদ ইউনিয়নের চর হবিনগর এলাকার এক জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে ফয়সাল। পরে ফয়সালের বন্ধু সবুজ হাওলাদার, মিরাজ হাওলাদার, সাইদুল, সোহেল ও আল আমিন তাকে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয় লোকজন টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে থানা-পুলিশ তাকে উদ্ধার করে। খবর পেয়ে ধর্ষণের শিকার কিশোরীর মা বরিশাল এসে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 আদালতে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক ওই কিশোরীকে তার মায়ের হেফাজতে দেন। মামলার বাদীর বাড়ি মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর এলাকায় হলেও তারা বর্তমানে গাজীপুর থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত