ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেকের অপেক্ষা বাড়ছে এডিনসন কাভানির। কোভিড-১৯ প্রটোকলের কারণে নিউক্যাসলর বিপক্ষে আগামী সপ্তাহের ম্যাচটি খেলতে পারবেন না উরুগুইয়ান তারকা।
ইউনাইটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সময়ের মধ্যে কাভানির সেল্ফ-আইসোলেশনের সময় শেষ না হওয়ায় তাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
শনিবার সেন্ট জেমস পার্কে নিউক্যাসলের আতিথ্য গ্রহণ করবে ইউনাইটেড।
এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর একেবারে শেষ মুহূর্তে ফ্রি-ট্রান্সফার সুবিধায় পিএসজি থেকে ইউনাইটেডে যোগ দেন কাভানি। যুক্তরাজ্যের কোভিড-১৯ প্রোটোকল অনুযায়ী কাভানিকে অবশ্যই ১৪ দিনের কোয়েরেন্টাইনে থাকতে হবে।
৩৩ বছর বয়সী কাভানি ইউনাইটেডের আইকনিক ৭ নম্বর জার্সি পড়ে মাঠে নামবে বলে প্রিমিয়ার লিগের ক্লাবটি নিশ্চিত করেছে। আগামী সপ্তাহে সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হয়তো তাকে রেড ডেভিলসদের জার্সি গায়ে মাঠে দেখা যাবে কাভানিকে।
গত মৌসুমে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজির সাথে চুক্তি শেষ হয়ে যাবার পর তা আর নবায়ন করতে আগ্রহী ছিলেন না কাভানি। পিএসজির হয়ে তিনি রেকর্ড সর্বোচ্চ ২০০ গোল করেছেন।
