হবিগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১২:২৪ পিএম

হবিগঞ্জে একটি মামলার আসামিকে গ্রেপ্তার করে থানায় নেয়ার সময় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বুধবার রাতে এই ঘটনা ঘটে বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে। একজন ওয়ার্ড মেম্বারের নেতৃত্বে হামলাকারীরা পুলিশের হাত থেকে আসামিকে ছিনিয়ে নেয়।

বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, দুইটি জিআর মামলার আসামি ও দক্ষিণ সাঙ্গর গ্রামের রমজান আলীর ছেলে বুলবুল মিয়াকে গ্রেপ্তার করতে কয়েকজন পুলিশ বুধবার রাতে ওই গ্রামে যায়। তাকে গ্রেপ্তার করে নিয়ে থানায় আসার পথে মক্রমপুর ইউনিয়ন পরিষদের সদস্য শেখ মমিন মিয়া ও আসামির ভাই বদরুল মিয়াসহ একদল লোক পুলিশের ওপর হামলা করে।

হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে আসামি বুলবুলকে ছিনিয়ে নেয়। এ সময় বানিয়াচং থানার এএসআই মোহাম্মদ তোহা, এএসআই সোহেল ও কনস্টেবল হাতিমুর রহমান আহত হন।

এএসআই তোহাকে সদর হাসপাতাল ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতালে আসা পুলিশ সদস্যরা জানান, এএসআই তোহার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। 

বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম মিয়া জানান, আসামি গ্রেপ্তারের পর ইউনিয়ন পরিষদের সদস্য শেখ মমিন মিয়া ও বদরুলসহ লোকজন পুলিশকে মারধর করেছে। তারা আসামি বুলবুলকে ছিনিয়ে নেয়।

বানিয়াচং থানার ওসি জানান, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে সন্দেহজনক ৪জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত