সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের ছাত্র ফয়েজ আহমেদকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, মঙ্গলবার ফেইসবুকের পাবলিক বিশ্ববিদ্যালয় সংসদ নামক গ্রুপে মুহম্মদ মুমিন আদদ্বীন নামের অ্যাকাউন্ট থেকে বঙ্গবন্ধু ম্যুরালকে অবমাননা করে স্ট্যাটাস দেওয়া হয়। এতে নোবিপ্রবির প্রধান ফটকে থাকা বঙ্গবন্ধু ম্যুরালকে উদ্দেশ্য করে দুই শিশুর সম্মান প্রদর্শনের চিত্রে শেখ মুজিবুর রহমানের ছবি পরিবর্তন করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ছবি দিয়ে বিকৃত করে প্রচার করা হয়।
এ ঘটনার পর বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ইফতেখার রাজু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফয়েজ আহমেদকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোবিপ্রবিতে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে অন্য ব্যক্তির ছবি প্রদর্শন করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আপত্তিকর মন্তব্য লিখে জাতির পিতার ছবির অবমাননা করা এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করায় শৃঙ্খলা বোর্ডের ১৪ অক্টোবর ২০২০ অনুষ্ঠিত জরুরী সভার সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র ফয়েজ আহমেদকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পাঁচ দিনের মধ্যে নোবিপ্রবি রেজিস্ট্রার বরাবর জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
