মুজিববর্ষ উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ করেছে (র্যাব)। গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাব সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৬০ দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি বিতরণ করেন র্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ার, গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল সারওয়ার বিন কাশেমসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাব মহাপরিচালক বলেন, ‘আমরা সমৃদ্ধ বাংলাদেশ তখনই গড়তে পারব, যখন সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারব। এর আওতা থেকে প্রতিবন্ধীরাও বাদ নয়, বরং তাদের শক্তি হিসেবে বিবেচনা করেছেন প্রধানমন্ত্রী।’
তিনি আরও বলেন, ‘আমরা সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ সহায়তার হাত প্রসারিত থাকবে। সেই ধারাবাহিকতায় দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়তায় আগামীতে আরও বেশিসংখ্যক স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হবে।’
