হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে মিছিল ও শোভাযাত্রা না করার বিষয়ে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মেনে অন্যান্য অনুষ্ঠান পালন করা যাবে উল্লেখ করে ডিএমপির পক্ষ থেকে পাঁচটি নির্দেশনাও দিয়েছেন তিনি। গতকাল বেলা ১১টায় ডিএমপি সদর দপ্তরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, করোনার কারণে বিভিন্ন জাতীয় পর্যায়ের অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে করা হচ্ছে। অনুষ্ঠানস্থলে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেবেন না। স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে দর্শনার্থীদের পূজাম-পে প্রবেশের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি।
