নেত্রকোনার আটপাড়া উপজেলায় বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সম্পর্কে ওই দুই শিশু চাচাতো ভাই।
নিহতের হলো একই গ্রামের সাদেক মিয়ার ছেলে আমির হামজা (৬) এবং তার চাচাতো ভাই হবি মিয়ার ছেলে সানি (৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির সামনে খেলা করার সময় সবার অগোচরে পাশ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায় তারা। পরে পরিবারের লোকজন তাদেরকে কোথাও দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে পরিবারের লোকজন পুকুরে একজনের মাথা ভাসতে দেখে। পরে একই জায়গা থেকে দু’জনের লাশ উদ্ধার করে তারা। আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’টিকে মৃত ঘোষণা করেন।
আটপাড়া থানার ওসি আলী হোসেন দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ে হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় স্বজনের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
