নাটোরের বড়াইগ্রামে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাজেদুর রহমান (৪৫) নামে এক রুটি বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার উপজেলার আহম্মেদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাজেদুর রহমান সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের আস্তুল প্রামাণিকের ছেলে। তিনি আহম্মেদপুর বাসস্ট্যান্ডে রুটি বানিয়ে বিক্রি করেন বলে জানা গেছে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুল ইসলাম জানান, গত বুধবার বিকালে সাজেদুর রহমান পাশের বিলে ঘাস কাটতে যাবার সময় শিশুটিকে ডেকে নিয়ে যান। পরে বিলের ভেতরে একটু নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় মেয়েটির চিৎকার শুনে কিছু দুরে কাজে ব্যস্ত কৃষি শ্রমিকেরা এগিয়ে এলে সাজেদুর দৌড়ে পালিয়ে যান। মেয়েটি বাড়িতে এসে তার অভিভাবকদের জানালে তারা থানায় মামলা দায়ের করেন। পরে সোমবার তাকে আটক করে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
