কম দামে মোটরসাইকেল কিনতে না পেরে ফেসবুকে বাজে মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি যুক্ত ভিডিও আপলোড করার অভিযোগে মো. দৌলত খান (২৫) নামের এক বাইকারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
রবিবার চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে অশ্লীল ছবি, ভিডিওসহ ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দৌলতখান ৩ লাখ ৯১ হাজার টাকার বাইক ১ লাখ টাকায় কিনতে না পেরে এসিআই মটরস লিমিটেডের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস এর নামে ফেসবুকে বাজে মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি যুক্ত ভিডিও আপলোড করে বলে দবি করেছে এসিআই কতৃপক্ষ। এ অভিযোগে এসিআই এর পক্ষ থেকে গত ৪ অক্টোবর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করা হয়।
ডিবির ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের টিম ইনচার্জ এডিসি আশরাফ উল্লাহ দেশ রূপান্তরকে জানান, ‘ডিকে ৯৪’ নামক একটি বাইকিং গ্রুপের এ্যাডমিন দৌলত খান। ওই গ্রুপে ১৫ হাজারের মতো সদস্য আছে। দৌলত খান উদ্দেশ্যপ্রণেদিত ভাবে এসিআই মোটরস সহ বিভিন্ন পণ্য ও এসিআই মটরস লিমিটেডের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাসকে নিয়ে বাজে মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি সম্বলিত ভিডিও, ছবি ও কন্টেন্ট ওউ ফেইসবুক ও ইউটিউব চ্যানেলে আপলোড করে।
এসিআই মটরস এর জেনারেল ম্যানেজার মো. খায়রুল আহসান দেশ রূপান্তরকে বলেন, দৌলতখান মূলত বাইকার। বাইকার হিসাবে এসিআই মটরসের বিভিন্ন অনুষ্ঠানে সে অংশ নিত। এই সুবাদে আমাদের মার্কেটিং বিভাগের অনেকের সাথে তার যোগাযোগ হয়েছে। সে একটি বাইক কিনতে চায়। তবে ৩ লাখ ৯১ হাজার টাকার বাইক সে ১ লাখ টাকায় কিনতে চায় যা আমাদের পক্ষে দেওয়া অসম্ভব। মোটরসাইকেল কিনতে না পেরে গত দেড় বছর ধরে সে ফেইসবুক ও ইউটিউবে বাজে মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি যুক্ত ভিডিও আপলোড করেছে।
