গত মাসে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে মতৈক্য হওয়ার পর প্রথমবারের মতো ইসরায়েলে আনুষ্ঠানিকভাবে প্রতিনিধি দল পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আমিরাতের ওই প্রতিনিধি ইসরায়েলের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন এমনুশিন। সোমবার রাতে আবু ধাবিতে আমিরাত ও ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে নৈশভোজের অংশ নেন তিনি।
মঙ্গলবার আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কমিউনিকেশন বিভাগের কৌশলগত পরিচালক হেন্দ আল ওতাইবা টুইটারে লিখেছেন- “আজ সকালে আরব আমিরাত প্রথম কোনো প্রতিনিধি ইসরায়েলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।”
ওতাইবা জানান, আরব আমিরাতের এই প্রতিনিধি দলের প্রধান হিসেবে রয়েছেন দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রী ওবায়েদ আল তায়ের এবং অর্থমন্ত্রী আব্দুল্লাহ কিন তাউক আল মারি।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৫ সেপ্টেম্বর সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে চুক্তি স্বাক্ষর করে আমিরাত ও ইসরায়েল। ইহুদি রাষ্ট্রটির সঙ্গে উপসাগরীয় দেশ হিসেবে প্রথম এই ধরনের চুক্তি স্বাক্ষর করে আমিরাত।
আমিরাতের পথ ধরে সম্প্রতি বাহরাইন চতুর্থ আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষর করেছে। এর আগে ১৯৭৯ সালে মিসর ও ১৯৯৪ সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে কূটনীতিক সম্পর্ক স্থাপন করে।
