প্রধানমন্ত্রীকে বিশ্রাম নেওয়ার পরামর্শ জাফরুল্লাহ চৌধুরীর

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০৯:২৮ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষের যে গড় আয়ু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা অতিক্রম করে ফেলেছেন। প্রধানমন্ত্রীকে জীবিত দেখতে চাইলে, সুস্থ দেখতে চাইলে, তাহলে তার এখন বিশ্রাম প্রয়োজন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্যের উদ্যোগে মাহমুদুর রহমান মান্নার ওপর নারায়ণগঞ্জের রূপগঞ্জে হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর বিশ্রাম নিতে হবে। তার আগে তাকে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। যাতে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। এটি করতে পারলে ইতিহাসের পাতায় তার নাম লেখা হবে।

তিনি বলেন, আজ আমাদের দেশে প্রত্যেকটা সাধারণ মানুষের জীবন বিপদগ্রস্ত। মাফিয়ারা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। সব জায়গায় অনাচার শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আমি ওনাকে সব সময় প্রশংসা করি। উনিও হয়তো এর থেকে রেহাই পাবেন না, যদি না তিনি এখনই এই মাফিয়াদের বিরুদ্ধে কোনো কিছু না করেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, মান্নার ওপর ছাত্রলীগ, যুবলীগ হামলা করেছে। প্রধানমন্ত্রীর তো অনেক গোয়েন্দা বাহিনী, তারা নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে বলেছে। গোয়েন্দা বাহিনীরা প্রধানমন্ত্রী যেটা শুনতে চান তারা সেটা শোনায়। তবে আমি বলব, এই গোয়েন্দা বাহিনী তার বিপদ ডেকে আনবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা বলেন, আজ আমার দেশের একটা মানুষও বিশ্বাস করে না, দেশে আইন-কানুন বলে কোনো কিছু আছে। স্কুলের বাচ্চা থেকে শুরু করে কারুর জীবনের নিরাপত্তা নাই।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত