প্রচারণা বাতিল মেলানিয়ার, মাঠে নামছেন ওবামা

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০৩:০৩ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা জমে উঠেছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মাঠে নামার ঘোষণা দিলেও অসুস্থতার কারণে প্রচারণা বাতিল করেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

সিনহুয়া জানায়, গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্য পেনসিলভানিয়ায় নিজের পূর্বনির্ধারিত নির্বাচনী প্রচারণা সফর বাতিল করেছেন ফার্স্ট লেডি।

‘দীর্ঘস্থায়ী কাশি’ থাকায় এখনো অসুস্থ বোধ করায় তিনি সফরটি বাতিল করেন বলে তার মুখপাত্র স্টিফানি গ্রিশাম মঙ্গলবার এ কথা জানান।

তিনি সিএনএন’কে বলেন, ‘মেলানিয়া কভিড-১৯ থেকে আরোগ্য লাভের পর থেকে প্রতিদিন ভালো অনুভব করছেন। তবে দীর্ঘস্থায়ী কাশি থাকায় তিনি আজ নির্বাচনী সফর করবেন না।’

এর আগে ২ অক্টোবর সকালে প্রেসিডেন্ট ঘোষণা দেন তিনি এবং মেলানিয়া উভয়ই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত সপ্তাহে হোয়াইট হাউসের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে মেলানিয়া বলেন, ‘আমার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে এবং আশা করছি আমার দায়িত্ব আমি খুব দ্রুত ফের পালন করা শুরু করতে পারবো।’

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের পক্ষে বুধবার ফিলাডেলফিয়ায় প্রচারণায় অংশ নিচ্ছেন। এটি হবে তার প্রথম প্রচারণায় অংশ নেওয়া।

বাইডেনের প্রচারণা কেন্দ্র থেকে বলা হয়েছে, ওবামা (৫৯) একটি ‘ড্রাইভ ইন কার র‌্যালি’ বা গাড়ির র‌্যালিতে অংশ নেবেন এবং পেনসিলভিয়ানদের আগাম ভোট দেওয়ার পরিকল্পনা করতে উৎসাহিত করবেন।

ডেমোক্র্যাটরা করোনা পরিস্থিতির কারণে নির্বাচনের দিন লম্বা লাইনে না দাঁড়িয়ে আগাম ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছেন।

আগামী ৩ নভেম্বর মূল ভোটগ্রহণের দিন ধার্য থাকলে ইতোমধ্যে দেশটির সাড়ে তিন কোটি ভোটার ভোট দিয়ে ফেলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত