একজন মুক্তিযোদ্ধার শিল্পী হয়ে ওঠার গল্প। পৃথিবী বিখ্যাত প্যারিসের আইফেল টাওয়ার কিংবা লুভর মিউজিয়ামের পাশে বসে যার এখনো দেশের জন্য মন কেঁদে ওঠে। বিখ্যাত এই চিত্রশিল্পীর জীবনের নানান মোড় নিয়ে গড়ে ওঠা ২৫ বছর ধরে চলা প্রামাণ্য দলিল নির্মাণের বাস্তবায়ন ‘কালার অব ফ্রিডম’।
শিল্পী হিসেবে সবাই জানলেও ব্যক্তি শাহাবুদ্দিনের গল্প তুলে ধরেছেন নির্মাতা অজয় রায়। প্রথিতযশা এই মানুষটির জীবনী খুবই প্রয়োজন বলে ভাবেন নির্মাতা এই নিয়ে আফসোসও আছে তার।
চলচ্চিত্রটির ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হচ্ছে দেশের প্রথম পে পার মুভি ওটিটি প্ল্যাটফর্ম লাগভেলকিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। যে কেউ দেখতে পারবেন ১০০ টাকা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে।
ব্যক্তি শাহাবুদ্দিনের নানান দৃষ্টিভঙ্গি ও আক্ষেপ ফুটে এসেছে ‘কালার অব ফ্রিডম’-এ। আশ্চর্য নানান ব্যক্তিগত গল্প ও প্যারিসে তার চিত্রশিল্পী হয়ে ওঠার গল্প বলেছেন নিজেই। গুণী এই চিত্রশিল্পীর দেশের প্রতি টান অথবা হতাশার গল্প কিংবা মুক্তিযুদ্ধের গল্প সবই তুলে ধরতে চেষ্টা করেছেন নির্মাতা।
এক হাতে তুলি অথবা আরেক হাতে অস্ত্র, মুক্তির রঙের গল্প। অনবদ্য এই চিত্রশিল্পীর তুলিতে ছেয়ে থাকে মুক্তির ছোঁয়া এই সবই ফুটে উঠেছে প্রামাণ্যচিত্র ‘কালার অব ফ্রিডম’।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধে তিনি প্লাটুন কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন। সহযোদ্ধা হিসেবে তার সঙ্গে ছিলেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা এবং পপ সম্রাট ও গুরু আজম খান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড গতি, শক্তি, জীবন বাজি রেখে সম্মুখ রণাঙ্গনে অগ্রসর হওয়ার কারণে তিনি তার ছবিতে গতিকে প্রাধান্য দেন বেশি।
নির্মাতা অজয় রায়ের জন্ম ১৯৫৫ সালে। আদি বাড়ি বাংলাদেশে হলেও পেশাজীবন বহমান কলকাতায়। আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন আনন্দবাজার, বিবিসি, সিএনএন, আল জাজিরাসহ নানা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। ১৯৯৫ সাল থেকে ফটোসাংবাদিক হিসেবে কাজ করছেন এপি-তে। শাহাবুদ্দিন আহামেদকে নিয়ে প্রামাণ্যচিত্রের কাজ করতে গিয়ে অক্লান্তভাবে লেগে ছিলেন ২৫ বছর ধরে। বলা যায় বন্ধু শাহাবুদ্দিন, শিল্পী শাহাবুদ্দিন, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন-সব পরিচয়ের অনেকাংশের সাক্ষী অজয় রায়।
লাগ ভেলকির পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ‘কালার অব ফ্রিডম’-এর অনলাইন প্রিমিয়ার উদ্বোধনী আলোচনায় থাকবেন খোদ চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ, প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, প্রসিদ্ধ শিল্প সমালোচক মহিউদ্দিন খালেদ এবং চলচ্চিত্রটির নির্মাতা অজয় রায়।
অংশগ্রহণ করার জুম লিংক: https://us02web.zoom.us/j/84384767232
