চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহতের অভিযোগে দুই শিক্ষক আটক

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ০২:৫৯ পিএম

চুয়াডাঙ্গা জীবননগরে নাসিম হোসেন (৭) নামে এক মাদ্রাসা ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষক মাজেদ হোসেন ও শাহিন হোসেনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদেরকে আটক করা হয়।

নাসিমের বাবা আলাউদ্দিন মিয়া জানান, গেল বুধবার সন্ধ্যায় উপজেলার কাশিপুর দারুল উলুম কওমী মাদ্রাসায় তার ছেলেকে পিটিয়ে আহত করা হয়। রাতেই বিষয়টি জানতে পেরে তিনি বাদী অভিযুক্ত ওই দু'শিক্ষকের বিরুদ্ধে জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পরে বৃহস্পতিবার সকালে অভিযুক্ত শিক্ষক মাজেদ হোসেন ও শাহিন হোসেনকে আটক করে পুলিশ। বৃহস্পতিবারই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় মাদ্রাসা শিক্ষক মাজেদ হোসেন তুচ্ছ ঘটনায় বেধড়ক পিটিয়ে শ্রেণিকক্ষে আটকে রাখে নাসিমকে। সে পালানোর চেষ্টা করলে শিক্ষক শাহিন হোসেন তাকে আবারও মারধর করে আটকে রাখে। পরে রাতে তাকে উদ্ধার তার পরিবারের সদস্যরা।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আহত মাদ্রাসা ছাত্র নাসিমের বাবা আলাউদ্দিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত দুই শিক্ষককে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত