সাভারে দলবদ্ধ ধর্ষণসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ০৪:১৪ এএম

সাভারের হেমায়েতপুর থেকে দলবদ্ধ ধর্ষণসহ ১১ মামলার আসামি শেখ ফরিদকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারের সময় তার থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-১ র‌্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার অনু মং। ফরিদ হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকার আবুল হাশেম মিয়া ওরফে বিষুর ছেলে।

র‌্যাব জানায়, শেখ ফরিদ গাজীপুর এলাকায় থেকে মাঝেমধ্যেই সাভারের ওই এলাকায় এসে কুকর্ম পরিচালনা করত। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দুই পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, মাদকসহ ১১টি মামলা রযেছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত বুধবার রাতে র‌্যাব-৪-এর একটি চৌকস আভিযানিক দল সাভারের হেমায়েতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব কর্মকর্তা অনু মং বলেন, ‘ফরিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফরিদ মূলত অভ্যাসগত ধর্ষণকারী, চাঁদাবাজ, শীর্ষস্থানীয় মাদক কারবারি এবং অস্ত্রধারী দুর্ধর্ষ সন্ত্রাসী হওয়ায় জনগণ তার বিরুদ্ধে কথা বলতে সাহস করত না। তার বিরুদ্ধে কেউ অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতিসহ জানমালের ক্ষতি করত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত