বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে নরসিংদীর রায়পুরা উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে রায়পুরা থানায় শাকিলসহ দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন মেয়েটির বাবা।
পুলিশ ও স্কুলছাত্রীর পরিবার জানায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার নবীয়াবাদ গ্রামের দশম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে রাজু অডিটোরিয়ামে ডেকে নেন শাকিল। পরে রাত ১১টার দিকে সে তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শাকিল পালিয়ে যায়। পরে স্থানীয়রা জরুরি সেবা ‘৯৯৯’- এ কল দিলে পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধার করে।
মেয়েটির বাবা সাংবাদিকদের বলেন, ‘আমার মেয়ের ওপর পাশবিক নির্যাতন করেছে ছাত্রলীগ নেতা শাকিল। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
রায়পুরা থানার ওসি মহসিন কাদির জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ডাক্তারি পরীক্ষা করা হবে।
