উপকূল অতিক্রম করে স্থল নিম্নচাপটি বর্তমানে ময়মনসিংহ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আজও (শনিবার) সারা দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে ‘উইন্ডি ডটকমের’ লাইভ আপডেট ম্যাপে দেখা যায়, স্থল নিম্নচাপটি ময়মনসিংহ হয়ে ভারতের দিকে এগিয়ে যাচ্ছে।
এদিকে, নিম্নচাপটির প্রভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের উত্তর-পশ্চিম অংশ থেকে বিদায় নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় বায়ুচাপ পার্থক্য বিরাজ করছে। এতে গভীর সঞ্চালনশীল মেঘের সৃষ্টি হচ্ছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
স্থল নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সমুদ্রে বিচরণ না করতে বলা হয়েছে।
এছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
