সবার জন্য পেনশন ও গুণগত স্বাস্থ্যসেবা চালুর দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাজেট আন্দোলন ও সোসাইটি ফর পার্টিসিপেটরি এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (এসপিইডি)। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
এতে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, শ্রমিক নেতা মো. আজিজুর রহমান, গণতান্ত্রিক বাজেট আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মিনা ও এসপিইডির নির্বাহী পরিচালক মো. ফজলুর রহমান। বক্তারা বলেন, দরিদ্র মেহনতি মানুষ নিয়মিতই রাষ্ট্রকে কর দিচ্ছে কিন্তু এই করের টাকার যথাযথ ব্যবহার না হওয়ার কারণে তারা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। করোনাকালে এটা স্পষ্ট হয়েছে যে তথাকথিত উন্নয়নের ঢেউ দরিদ্র শ্রমজীবী মানুষের দুয়ারে পৌঁছায়নি। দেশের প্রায় ৫০ শতাংশ মানুষ সামান্য দু-তিন মাসও আর্থিকভাবে টিকে থাকার সামর্থ্য অর্জন করতে পারেনি। সরকার মাত্র ৫০ লাখ পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার চেষ্টা করেছে, তাও সবার ঘরে পৌঁছায়নি।
