থাই প্রধানমন্ত্রী পদত্যাগ না করায় ফের রাস্তায় নামছে বিক্ষোভকারীরা

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০৪:১২ পিএম

বেঁধে দেওয়া সময়ের মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান-উ-চা পদত্যাগ না করায় আবারও রাস্তায় নামার ঘোষণা দিয়েছে গণতন্ত্রীপন্থী আন্দোলনের নেতৃবৃন্দ। রোববার তারা এ সিদ্ধান্তের কথা জানান বলে বার্তা সংস্থা এএফপি’র খবর।

২০১৪ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সাবেক সেনাপ্রধান উ-চা গত কয়েক মাস ধরে গণতন্ত্রকামীদের আন্দোলনের চাপে রয়েছেন। বুধবার তারা তার পদত্যাগের জন্য শনিবার রাত ১০টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

কিন্তু প্রধানমন্ত্রী পদত্যাগ না করায় ‘অ্যাক্টিভিস্ট পাই’ রোববার বিকেল ৪ টায় বিক্ষোভ সমাবেশে অংশ নিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে শনিবার উ-চা ব্যাংককের ঐতিহাসিক একটি মন্দিরে প্রার্থনা সভায় যোগ দিয়ে বলেন, সমঝোতার মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব। সাংবাদিকদের তিনি আরও বলেন, সমস্যা সমাধানে সরকারের সদিচ্ছা রয়েছে। তবে তা আইনের আওতায় হতে হবে।

এদিকে এর আগে আন্দোলন বন্ধ করতে প্রধানমন্ত্রী জরুরি অবস্থা জারি করে চারজনের বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করেন। কিন্তু এক সপ্তাহের মধ্যেই তিনি তা প্রত্যাহার করে নেন। কারণ এই নিষেধাজ্ঞা অমান্য করেই হাজার হাজার লোক রাস্তায় বিক্ষোভ মিছিল করে।

অন্যদিকে, সমস্যা সমাধানের লক্ষ্যে সোমবার দেশটিতে পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত