আট মাস পর চালু হচ্ছে ঢাকা-দিল্লি বিমানের নিয়মিত ফ্লাইট

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০৭:৩৭ পিএম

করোনা মহামারির কারণে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর ভারতের বিভিন্ন গন্তব্যে চলতি মাসেই নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি জানিয়েছে, ২৯ অক্টোবর প্রথমে ঢাকা-দিল্লি-ঢাকা রুটে ফ্লাইট চালু হবে। এর পর ১ নভেম্বর ঢাকা-কোলকাতা-ঢাকা ও ১৫ নভেম্বর ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলবে।

যাত্রীরা বিমান সেলস সেন্টার, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট এবং ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন। কোভিড সংক্রান্ত শর্ত ও নির্দেশনা এবং ফ্লাইট শিডিউল বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে।

গেল সপ্তাহের শুরুতে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের সঙ্গে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের বিমান যোগাযোগ শুরু হচ্ছে। ২৮ অক্টোবর থেকে ‘এয়ার বাবল’ ব্যবস্থাপনায় আকাশপথে এই যোগাযোগ পুনরায় চালু হবে বলে ওই বিবৃতিতে জানানো হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে মন্ত্রণালয় জানিয়েছে, দুই প্রান্ত থেকে সপ্তাহে মোট ৫৬টি ফ্লাইট চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত