কাশিমপুর কারাগারসহ দেশের বিভিন্ন স্থানে দুদকের ৯ অভিযান

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০৯:৫৪ পিএম

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও গাজীপুর জেলা কারাগারসহ দেশের বিভিন্ন স্থানে রবিবার ৯টি অভিযোগের বিষয়ে পৃথক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।

কমিশনের অভিযোগ কেন্দ্রের হট লাইনে আসা অভিযোগ থেকে যাচাই বাছাই করে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। দুদকের অভিযানিক দল ৫ দপ্তরে চিঠি দিয়েছ। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনাজপুরের কাহারোল উপজেলায় হাট-বাজারের খাজনা বাবদ আদায়কৃত অর্থ আত্মসাতের বিষয়ে অভিযান চালানো হয়। হটলাইনে আসা অভিযোগের প্রেক্ষিতে দিনাজপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জিন্নাতুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের খাজনা আদায় সংক্রান্ত নথি সংগ্রহ করা হয়। অভিযোগ সংশ্লিষ্ট কর্মচারী এবং উপস্থিত সেবাগ্রহীতাদের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক এনফোর্সমেন্ট টিম। টিমের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে সেবা প্রদান সংক্রান্ত বেশ কিছু জটিলতা ও দীর্ঘসূত্রিতার নিরসন করা হয়। অভিযান পরিচালনাকারী দল অভিযোগের বিষয়ে প্রাপ্ত তথ্য যাচাই করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে।

এছাড়া দুদকের অপর একটি দল চুয়াডাঙ্গায় জেলায় নির্মিত সেতুর সঙ্গে সংযোগ সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে অভিযান চালায়। দুদকের কুষ্টিয়া জেলা কার্যালয় থেকে এই অভিযান চালানো হয়।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ থেকে অভিযান পরিচালনা করা হয় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও গাজীপুর জেলা কারাগারে। দুদকের হটলাইনে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও গাজীপুর জেলা কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাওয়া যায়। সেখানে বন্দীদের নানাভাবে হয়রানি, পিসির অর্থে অনিয়ম, বন্দীদের সাক্ষাৎপ্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অভিযোগ পায় কমিশন। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, এ বিষয়ে কমিশনে সুপারিশসহ প্রতিবেদন উপস্থাপন করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত