হাজারিবাগের বাসা থেকে প্রবাসীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১২:৪৪ এএম

রাজধানীর হাজারিবাগের নিঝুম আবাসিক এলাকার একটি বাসা থেকে তৈয়বুর রহমান (৫৫) নামে এক প্রবাসীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বিকেল ৫টার দিকে আবাসিক এলাকার দ্বিতীয় তলার বাসার দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

হাজারিবাগ থানার উপ পরিদর্শক (এসআই) আজাদ হাওলাদার জানান, বিকেলে খবর পেয়ে নিঝুম আবাসিক এলাকার ওই ৪তলার বাসার দ্বিতীয় তলায় দরজা ভেঙে খাটের ওপর থেকে মৃতদেহটি উদ্ধার করি। বাসাটি তার নিজস্ব। তিনি দীর্ঘদিন আমেরিকা ছিলেন। অবিবাহিত সে।

তিনি জানান, মৃত তৈয়বুরের বোন নাসরিন খালেক ধানমন্ডিতে থাকেন। রবিবার দুপুরের দিকে তিনি বাসায় এসে ভাই তৈয়বুরকে ডাকাডাকি করেন। কোন সাড়াশব্দ না পেয়ে দারোয়ান বাসার ভেনটিলেটর দিয়ে দেখে খাটের ওপর মৃত অবস্থায় পরে আছে। পরে থানায় খবর দেয়া হয়। বাসায় গিয়ে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করি। মৃতদেহ পচে ফুলে গিয়েছিল।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, দুই তিন দিন আগে সে স্ট্রোক করে মরে গেছে। তবুও ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত