সিদ্ধিরগঞ্জে ১০ হাজার লিটার চোরাই জ্বালানি তেল উদ্ধার

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১২:১৮ এএম

সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে দুদিনে প্রায় ১০ হাজার লিটার চোরাই জ্বালানি  তেল উদ্ধার ও তেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে ১ হাজার ১৫০ লিটার ও গত রবিবার সন্ধ্যায় ৭ হাজার ৬৬০ লিটার চোরাই তেল উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহবুবুর রহমান ও শাহজাহান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১-এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব গতকাল গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে তেলভর্তি সাতটি ড্রাম উদ্ধার করে। এসব ড্রামে ১ হাজার ১৫০ লিটার তেল রয়েছে। এ সময় মাহবুবুর রহমান ওরফে মামুনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত রবিবার সন্ধ্যায় একই এলাকায় অভিযান চালিয়ে ৩৭টি ড্রামভর্তি ৭ হাজার ৬৬০ লিটার চোরাই তেল উদ্ধার করা হয়। এ সময় শাহজাহান নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোদনাইল এলাকায় অবস্থিত মেঘনা ও পদ্মা ডিপোকেন্দ্রিক চোরাই তেলের বেশ কয়েকটি সিন্ডিকেট গড়ে উঠেছে। এ ডিপোগুলো থেকে প্রতিদিন শত শত লরি জ্বালানি  তেলভর্তি করে দেশের বিভিন্ন এলাকায় যায়। এ সিন্ডিকেটের কাছে কিছু লরির অসাধু চালক ও তাদের সহকারীরা নামমাত্র দামে লরি থেকে চুরি করে তেল বিক্রি করে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত