রেললাইনের হুকের সঙ্গে বেঁধে রাখা গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আছিয়া বেগম (৬৫) নামে এক নারী মারা গেছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের পানুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী ওই ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া আছিয়া বেগম উপজেলার পলেহা গ্রামের মৃত রওশন আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আছিয়া বেগম বেশ কিছুদিন আগে উপজেলার পানুর গ্রামে মেয়ে নার্গিসের বাড়িতে বেড়াতে এসেছিলেন। গতকাল সকালে তার মেয়ের একটি গরু ঘাস খাওয়ার জন্য রেললাইনের হুকের সঙ্গে বেঁধে রাখা ছিল। সকাল ১০টার দিকে একটি ট্রেন আসতে দেখে আছিয়া গরুটিকে ধাক্কা দেন। এতে গরুটিকে বাঁচাতে পারলেও তিনি ট্রেনের নিচে কাটা পড়েন।
উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-ঈশ্বরদী রেললাইনের সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনের কাছে গতকাল সোমবার সকালে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে জাকির হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তার বাড়ি পাবনায়। তিনি হোসিয়ারি ব্যবসায়ী।উল্লাপাড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটির উল্লাপাড়া স্টেশনে বিরতি না থাকায় দ্রুতগতিতে স্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় ওই ব্যবসায়ী চলন্ত ট্রেন থেকে প্লাটফর্মের উল্টো দিকে লাফ দিলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
