ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে কালিয়ায় ১৪৪ ধারা জারি

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১২:১২ এএম

নড়াইলের কালিয়া উপজেলায় ছাত্রলীগের দুপক্ষ একই স্থানে একই সময়ে বিজয় মিছিল ও সমাবেশ ডাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ ছিল।

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা জানান, ছাত্রলীগ কালিয়া উপজেলা শাখার নবনির্বাচিত কমিটি এবং পুরাতন কমিটি মঙ্গলবার বিকেলে ৩টায় কালিয়া পৌরসভার কালিয়া বাজারে সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। সমাবেশের আগে ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘœ ঘটার আশঙ্কা বিরাজ করায় বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কালিয়া পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম ও সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ স্বাক্ষরিত কালিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের এক বছরমেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়। কালিয়া উপজেলা শাখা কমিটিতে এফএম সোহাগকে সভাপতি ও রাইসুল ইসলাম পান্নুকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া কালিয়া পৌর সভাপতি হিসেবে এমএম তানবীরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে প্রশান্ত কুমার দাসের নাম ঘোষণা করা হয়।

পদবঞ্চিত নেতাকর্মীরা পরের দিন ২৩ অক্টোবর কালিয়া উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে পাল্টা কমিটি গঠন করেন। তাদের পক্ষে কমিটি ঘোষণা করেন উপজেলা ছাত্রলীগের বিদায়ী সভাপতি ইব্রাহিম শেখ।

পদবঞ্চিত নেতাদের অভিযোগ, জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঘোষিত কালিয়া উপজেলা ও পৌর কমিটিতে যোগ্য এবং ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। এমনকি বিবাহিতদের কমিটিতে রাখা হয়েছে। এই ‘পকেট কমিটি’ অবিলম্বে বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি করেন তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম বলেন, তাদের (পদবঞ্চিত) কমিটি ঘোষণার কোনো অধিকার নেই। জেলা ছাত্রলীগের পক্ষ থেকে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত