সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে স্কুলের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান (৩০) নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার উনু মং। এর আগে সোমবার রাতে সাভারের রাজাসন এলাকার বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন র্যাব-৪-এর উপপরিদর্শক কাইসার মাতুব্বর।
গ্রেপ্তাররা হলো বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের নিজাম শরীফের ছেলে আজাদ শরীফ (৩০) ও সাভারের ডগরমোরা এলাকার আবদুল গনির ছেলে রনি (৪৮)।
র্যাব জানায়, গত শনিবার ভোরে রাজশাহী থেকে বাসে সাভারের সিআরপি রোড এলাকায় নামেন মোস্তাফিজুর। এ সময় ছিনতাইকারীরা সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন নিতে গেলে তিনি বাধা দেন। পরে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যার পর সবকিছু নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা সোমবার সাভার মডেল থানায় একটি মামলা করেন। এরপরই র্যাব বিশেষ অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে। হত্যায় জড়িত আরও দুজন পলাতক জানিয়ে র্যাব কর্মকর্তা উনু মং বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ছিনতাইসহ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
