মৌলভীবাজারে কমলগঞ্জের ইসলামপুর ইউপির রাজকান্দি বন এলাকায় ধরে নিয়ে গিয়ে এক কিশোরীকে (১৪) হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার রাতে কমলগঞ্জ থানায় মামলা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে। ধর্ষণের মৌখিক অভিযোগ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কিশোরীকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জের সীমান্তবর্তী গ্রামের এক কিশোরী চাচার বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে শাকিল মিয়া নামে এক যুবক তাকে জোর করে ধরে নিয়ে হাত-পা বেঁধে পার্শ্ববর্তী পাহাড়ি টিলায় নিয়ে ধর্ষণ করেন। মঙ্গলবার সকাল ১০টায় এলাকাবাসী পাহাড়ি টিলা এলাকায় গেলে সেখানে মেয়েটিকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পায়। লোকজন ঘটনাটি স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়াকে জানালে তিনি কমলগঞ্জ থানার পুলিশকে অবহিত করেন।
মেয়েটির বাবা বলেন, তার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। তিনি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি মঙ্গলবার রাতেই কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
ইসলামপুর ইউপির সাবেক চেয়ারম্যান সুলেমান মিয়া জানান, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে হাত-পা বাঁধা অবস্থা থেকে উদ্ধার করে জানতে চাইলে, মেয়েটি জানায় শাকিল তাকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে।
কমলগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেছে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ বলেন, নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠাতে বিলম্ব হয়েছে। রাতে কিশোরীর বাবা থানায় মামলা করেছেন। তবে অভিযুক্ত যুবক ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
