বেগমগঞ্জের দেলোয়ার হত্যা মামলায় রিমান্ডে

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০৯:৫৪ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার হোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য অন্য একটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতনের শিকার ওই নারীর করা মামলার ৪ নম্বর আসামি ইস্রাফিল হোসেনকে চার দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই।

বুধবার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসফিকুল হক এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহম্মেদ জুয়েল জানান, সকালে দুই আসামি দেলোয়ার ও ইস্রাফিলকে জেলা কারাগার থেকে বিচারিক হাকিম আদালতে তোলা হয়। এ সময় চলতি বছর ফেব্রম্নয়ারি মাসে বেগমগঞ্জের শরিফপুর ইউনিয়নে হাসান হত্যাকাণ্ডের মামলায় দেলোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ থানার এসআই মোস্তাক আহম্মেদ। একই আদালতে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ইস্রাফিলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই নোয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশিদ পাটোয়ারী। শুনানি শেষে বিচারক দেলোয়ারের তিন দিন এবং ইস্রাফিলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও গত ৪ অক্টোবর ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এরপর নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং ধর্ষণের ঘটনায় আলাদা তিনটি মামলা করেন। তিন মামলায় ইতিমধ্যে দেলোয়ারকে বিভিন্ন মেয়াদে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেনি। বর্তমানে সে সাতটি মামলায় কারাগারে রয়েছে।

এছাড়া নির্যাতনের ঘটনায় করা তিন মামলায় ১২ আসামি কারাগারে রয়েছে, যাদের মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত