ফেইসবুকে ধর্ম নিয়ে কটূিক্তি করার অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার এবং হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র প্রতীক মজুমদার ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থী দীপ্ত পাল।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. আবুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশে বলা হয়, আইন অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া দণ্ডনীয় অপরাধ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশ ও শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার এবং হলের সিট বাতিল করা হলো।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এবং আইসিটি আইনে মামলা হবে না তা লিখিতভাবে আগামী চার দিনের মধ্যে রেজিস্ট্রার অফিস বরাবর জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৭ অক্টোবর থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইসলাম নিয়ে প্রহসনমূলক মন্তব্য ও কটূক্তিকারী দুই শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
