ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ‘ব্যঙ্গচিত্র প্রদর্শনের’ প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। গতকাল বুধবার দুপুর ২টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ চলাকালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কুশপুত্তলিকা দাহ করা হয়।
ফ্রান্সের ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই বিক্ষোভ চলছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায়। গতকাল বুধবারও রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন কওমি মাদ্রাসার আলেম-শিক্ষার্থীরা ও বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা। রাজধানী মুহাম্মদপুরেও একই ঘটনায় সমাবেশ ও মিছিল করে ইত্তেফাকুল মাদারিস।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ধর্মপ্রাণ মুসল্লিদের আয়োজনে বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হলেও কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই তাদের কর্মসূচি পালন করেছে।
