টাঙ্গাইলে রেলমন্ত্রী

বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ২৯ নভেম্বর

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ০৪:২৭ এএম

আগামী ২৯ নভেম্বর যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রেলসেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার কোটি টাকা। ২০২৫ সালের মধ্যে নির্মাণকাজ শেষ হবে।’

গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ সেতু কর্র্তৃপক্ষ থেকে ইতিমধ্যে ৪৩১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ফলে নির্মাণকাজে আর কোনো জটিলতা নেই।’

মন্ত্রী বলেন, ‘জাইকার সহযোগিতায় এ রেলসেতু করা হচ্ছে। বর্তমানে সেতু দিয়ে ২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারে। ডুয়েল গেজের নতুন সেতু নির্মাণ হলে স্বাভাবিক গতিতে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমবঙ্গের যাতায়াত সহজে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল রেললাইনের আরেকটি প্রকল্প নেওয়া হয়েছে। এটির কাজও ২০২৫ সালের মধ্যে শেষ হবে।’

এ সময় রেল সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান, পিডি কামরুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত