বঙ্গবন্ধুই দেশের সব উন্নয়ন চিন্তার ভিত্তিপ্রস্তর করেছেন: স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ০৮:৪৩ পিএম

দেশের মানুষের খাদ্য-পুষ্টি, স্বাস্থ্য এবং শিক্ষাসহ সকল ক্ষেত্রে উন্নয়নের যে অগ্রযাত্রা, সেই উন্নয়নের চিন্তা চেতনার ভিত্তিপ্রস্তর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে গেছেন বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও এ বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ইউনিয়ন) এর ৪০তম বার্ষিক সাধারণ সভা-২০২০-এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যে সকল কাজ করছি বা পরিকল্পনা তৈরি করছি, বহুমুখী চিন্তা চেতনার অধিকারী বঙ্গবন্ধুই এসবের ভিত্তিপ্রস্তর করেছেন। বঙ্গবন্ধুর রেখে যাওয়া দর্শনকে বুকে ধারণ এবং লালন করে আমরা যদি আমাদের স্ব স্ব দায়িত্বে সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করি তাহলে দেশ অবশ্যই সঠিক লক্ষ্যে পৌঁছাবে।’

মিল্ক ভিটা বঙ্গবন্ধুর একটি দর্শন উল্লেখ করে তিনি জানান দেশে দুগ্ধ উৎপাদন বিচ্ছিন্নভাবে হচ্ছে। এটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে যাতে করে উৎপাদন, বিতরণ এবং ভোক্তা পর্যায়ে এর সুফল সঠিকভাবে পৌঁছে দেওয়া যায়।

মন্ত্রী বলেন, যারা ঘুষ দুর্নীতি করে বিত্তশালী হন, নিজেদের ঐশ্বর্য গড়নে সামাজিকভাবে তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা উচিত। আমাদের ছেলে-মেয়েরা যারা দেশের ভবিষ্যৎ কান্ডারি হবে, তারা একটি অপরাধপ্রবণ সমাজ ব্যবস্থায়  গড়ে উঠুক এটি কারও কাম্য নয়, আমরা কেউ তা চাই না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত