করোনার উৎস তদন্তে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে চীনের প্রথম বৈঠক

আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ০৩:০৬ পিএম

প্রাণী থেকে করোনাভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার বিষয়টি তদন্তের ব্যাপারে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের সঙ্গে সমপক্ষীয় চীনা বিশেষজ্ঞদের প্রথম ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার এ কথা জানিয়েছে। খবর: বাসস।

কীভাবে প্রাণী থেকে ভাইরাসটির মানবশরীরে সংক্রমিত হয়েছে সেটি তদন্তে চীনকে সহায়তার জন্য মহামারী বিশেষজ্ঞ ও প্রাণী স্বাস্থ্য বিশেষজ্ঞসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল চীনে পাঠানোর জন্য ডব্লিউএইচও কয়ে কমাস ধরে কাজ করছে।

সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়েসুস শুক্রবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, জাতিসংঘের এই সংস্থা ‘ভবিষ্যতে মহামারী রোধে ভাইরাসটির উৎস সম্পর্কে নিশ্চিত হতে’ অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘আজ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি গ্রুপ তাদের সমপক্ষীয় চীনা বিশেষজ্ঞদের সঙ্গে প্রথম ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছে।’

বিষয়টি তদন্তের জন্য জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা প্রাথমিক কাজ সম্পন্ন করতে জুলাইয়ে একটি অগ্রসর বিশেষজ্ঞ টিম পাঠিয়েছে।

তবে যেখানে প্রাণী উৎস থেকে প্রথম ভাইরাসটি ছড়িয়েছে, সেটি শনাক্তের জন্য বিজ্ঞানীদের আরও বড় টিম মহামারীর মধ্যে চীনে ভ্রমণ করতে পারবে কিনা সেটি স্পষ্ট ছিল না।

বিজ্ঞানীরা বিশ্বাস করেন, প্রাণঘাতী ভাইরাসটি প্রাণী থেকে মানবদেহে ছড়িয়ে পড়েছে। সম্ভবত উহান শহরে বন্যপ্রাণীর মাংস বিক্রির বাজার থেকে এটি প্রথম মানবদেহে সংক্রমিত হয়েছে।

ব্যাপকভাবে ধারণা করা হয়, এই ভাইরাসের উৎস বাদুড়, অবশ্য এর মধ্যবর্তী সংক্রমিত প্রাণী আছে। তবে কীভাবে বাদুড় থেকে ভাইরাসটি মানবদেহে ছড়িয়েছে তা অজানা।

উভয়পক্ষের মধ্যে মুখোমুখি প্রথম বৈঠক সম্পর্কে ডব্লিউএইচও’র জরুরি প্রধান মাইকেল রায়ান শুক্রবার জোর দিয়ে বলেন, বিতর্কিত রাজনৈতিক পরিবেশের মধ্যে ‘পরিকল্পনার অংশ হিসেবেই প্রথম এই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে’।

‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই টিম প্রকৃত ঘটনার তদন্তে কাজ করে যাবে’ যোগ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত