ওয়েডিং ফটোগ্রাফিকে এখন ছোট করে দেখে না: দ্বীপ

আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১০:৪৭ পিএম

ওয়েডিং ফটোগ্রাফিতে দারুণ জনপ্রিয় ফটোগ্রাফার ফাহিম ইসলাম দ্বীপ। মডেলিং ফটোগ্রাফিও তিনি করেন। করোনাকালে কেমন চলছে ফটোগ্রাফির ক্ষেত্রটি? এসব নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ-

ড্রিমস ইভেন্ট ফটোগ্রাফি...

পেশা ফটোগ্রাফি হলেও ছবি তোলা আমার কাছে এক ধরনের নেশার মতো। কাজকে ভালোবেসে গড়ে তুলেছি ‘ড্রিমস ইভেন্ট ফটোগ্রাফি’ ইভেন্ট কোম্পানি। এই প্রতিষ্ঠানের কর্ণধার ও চিফ ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছি। আমার ধ্যান-জ্ঞান সব সময় ছবির ফ্রেম আর কলা-কৌশল নিয়েই। আমি বিশ্বাস করি, জীবনে শর্ট-কাট বলে কোনো পথ নাই। মানুষ সততা, একাগ্রতা, আর কঠোর পরিশ্রম দিয়ে সফল হয়ে ওঠে।

সম্ভবনার ক্ষেত্র ফোটোগ্রাফি...

বর্তমান যুগে ফোটোগ্রাফি এক সম্ভাবনাময় ক্ষেত্র। কারণ ফটোগ্রাফির গুরুত্ব দিন দিন বাড়ছে। এখন শুধু বিয়ে বাড়ি কিংবা ঘরোয়া অনুষ্ঠান নয়, যেকোনো ইভেন্টেই ফটোগ্রাফির চাহিদা আছে। করোনার জন্য কয়েক মাস কাজ বন্ধ ছিল। তখন যে ফটোগ্রাফাররা প্রতিষ্ঠিত নয়, তাদের অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি চেষ্টা করেছি সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে। তবে এখন আবার ধীরে ধীরে সব আগের মতো হচ্ছে। আমি এরই মধ্যে বেশ কিছু ইভেন্ট কভার করেছি। ২০১২ সাল থেকে আজ এ পর্যন্ত এই পেশায় কেটে গেছে আটটি বছর। টিম ভেঙে নতুন মেম্বারের আসা-যাওয়া সব মিলিয়ে খুব কণ্টকাকীর্ণ ছিল এই পথ। আমার পরিবার থেকেও বাধা দিত ফটোগ্রাফি পেশা হিসেবে নিতে। বিয়েবাড়িতে ছবি তোলাকে ছোট করে দেখা হতো। কিন্তু এখন সবাই বুঝতে পারে ওয়েডিং ফটোগ্রাফি ছোট কাজ নয়, এটি যথেষ্ট সম্মানের। সব প্রতিকূলতাকে জয় করে আজ আমি এই পজিশনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি।

image

নতুনদের উদ্দেশ্যে...

ফটোগ্রাফি নিয়ে কাজ শুরু করতে চাইলে প্রথমেই দক্ষতা বাড়াতে হবে। পাশাপাশি রিসার্চের কোনো বিকল্প নাই। জানতে হবে বিভিন্ন ধরনের লেন্স এবং কালার কম্বিনেশনের সঠিক ব্যবহার। শুধু তাই নয়, কী ধরনের কনটেন্ট মানুষ বেশি পছন্দ করছে সে দিকটাও খেয়াল রাখা প্রয়োজন। কারণ ফটোগ্রাফির ক্ষেত্রে কনটেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। অনেকে ভালো ফটোগ্রাফি করেও খুব একটা আগাতে পারছেন না। এমন মানুষদের জন্য সব সময় কিছু করার তাগিদ অনুভব করি। কারণ নিজে ক্যারিয়ার শুরু করার সময় আমাকে অনেক বাধা-বিপত্তি পার করতে হয়েছে। তাই নতুন ফটোগ্রাফারদের জন্য চেষ্টা করে যাচ্ছি, যেন তারা বাধার সম্মুখীন না হয়। পজিটিভিটি ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই সমাজে পরিবর্তন সম্ভব।

image

ভবিষ্যৎ পরিকল্পনা...

লক্ষ্য একটাই- যেতে হবে বহুদূর। আপাতত কিছু টিভি চ্যানেলের সঙ্গে কথা হয়েছে। কিছু তারকাদের সঙ্গেও নিয়মিত কাজ করছি। সামনে আরও অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত