বিশাল এলাকা জুড়ে আঁকা বাঁকা দৃষ্টিনন্দন লেক, সবুজ বনানী নিয়ে দক্ষিণ চট্টগ্রামের আলোকিত পর্যটন স্পট বাঁশখালীর প্রাকৃতিক ইকোপার্ক।
করোনার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর রবিবার থেকে পার্কটি পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে বলে জানান বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জমান শেখ।
তিনি বলেন, বাঁশখালী ইকোপার্ক দীর্ঘ দিন বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। এতে দর্শনার্থীদের আগমনে প্রাণচাঞ্চল্য ফিরে
পাবে পার্কটি। করোনা ভাইরাস এর কারণে গত ১৮ মার্চ হতে পার্কে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা দিয়ে বন্ধ করে দেওয়া হয়।
২০০৩ সাল থেকে নব-রূপায়ণের ফলে সারা দেশের পর্যটকদের কাছে বাঁশখালী ইকোপার্কটি আকর্ষণীয় হয়ে উঠে। এ ছাড়া বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আওতায় পার্কটি উন্নয়নের জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করায় পার্ক ঘিরে পর্যটকদের আগ্রহ বৃদ্ধি পায়। তবে পার্কে যাতায়াতের রাস্তাটি অনেক সরু হওয়ায় গাড়ি চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। আর পার্কে উন্নত মানের কোন খাবার দোকান না থাকায় পর্যটকদের বিড়ম্বনায় পড়তে হয়।
এদিকে পার্ক খুলে দেওয়া হলেও দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পার্কটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
বাঁশখালী ইকোপার্ক ইজারাদার কায়েশ সরোয়ার সুমন বলেন, সরকারের সকল নির্দেশনা মেনে পার্ক খুলে দেওয়া হচ্ছে। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তাসহ আন্তরিক সেবা প্রদান নিশ্চিত করা হবে বলে তিনি জানান।
