বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্তি প্রধান প্রকৌশলী মো. ছাইদুর রহমান ও তার স্ত্রীকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের পরিচালক আকতার হোসেন আজাদ স্বাক্ষরিত পৃথক নোটিসে এ আদেশ জারি করেন বলে গতকাল সোমবার দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
তিনি বলেন, নোটিসপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশল (ড্রেজিং বিভাগ) মো. ছাইদুর রহমান ও তার স্ত্রী শামীমা আক্তার। একই দিন আরও নোটিস দেওয়া হয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সোনারগাঁয়ের সাবেক ম্যানেজার মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রণব কুমার আরও বলেন, গত ২৮ অক্টোবর এসব নোটিস ইস্যু করা হয়।
নোটিসে বলা হয়, দুদক আইনে অর্পিত ক্ষমতাবলে নিজের এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে দাখিল করতে হবে।
