টানা দ্বিতীয়বার দেশসেরা বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০৩:০৪ পিএম

শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে আবারও দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা পেল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

২০১৯ সালের জাতীয় শিক্ষা পদকে ভূষিত হয়েছে ২০১৮ সালের দেশসেরা এই প্রতিষ্ঠানটি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘোষিত ফলাফলের সূত্রমতে এই তথ্য জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম।

টানা দুইবার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ায় বিদ্যালয়য়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং উপজেলা প্রশাসনসহ সর্বত্র উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা সদরের ২৩নং বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান।

এখানে নিয়মশৃঙ্খলাসহ শিক্ষার পরিবেশ অত্যন্ত সুন্দর।

বর্তমান প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগমের নিরলস চেষ্টায় সহকারী শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। ভালো ফলাফলের পাশাপাশি এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা, শরীর চর্চা ও সাংস্কৃতিক অঙ্গনেও উপজেলা, জেলা, অঞ্চল, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করে আসছে।

প্রাথমিক শিক্ষার গুণগত মান পরিবর্তন ও মানোন্নয়ন, বিদ্যালয়ে শিশুদের ঝরে পড়া রোধ, সমাপনী পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ এবং ট্যালেন্টপুলে বৃত্তি লাভসহ কঠোর নিয়মশৃঙ্খলা বজায় রাখায় বিদ্যালয়টির সুনাম সারা দেশে ছড়িয়ে পড়েছে।

যার প্রাপ্তি হচ্ছে পর পর দুইবার জাতীয় শিক্ষা পদক পেয়ে দেশ সেরার মর্যাদা পাওয়া।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. লুৎফর রহমান বলেন, স্থানীয় প্রশাসন, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের সার্বিক ফলাফল ও শিক্ষার পরিবেশ দিন দিন উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। বিদ্যালয়ের উন্নয়নের দিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলে দৃষ্টি দেবেন বলে আমরা আশা করছি।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক ও উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি ভিন্নধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান। দেশ সেরা এই বিদ্যালয়টির সার্বিক উন্নয়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার ধারাবাহিকতা থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত